বাগেরহাটের শরণখোলায় একটি সবজিক্ষেত থেকে ৮ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় সুন্দরবন সংলগ্ন শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের সোনাতলা গ্রামের ইসমাইল খানের সবজিক্ষেত থেকে অজগরটি উদ্ধার করেন ওয়াইল্ড টিমের সদস্যরা।
পরে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জ অফিস সংলগ্ন বনে অজগরটিকে অবমুক্ত করা হয়েছে।
ওয়াইল্ড টিমের ফিল্ড অফিসার এইচএম আলম হাওলাদার বলেন, সবজিক্ষেতে অজগর দেখে স্থানীয়রা আমাদের খবর দেয়। ওয়াল্ড টিম ও ভিলেজ টাইগার রেসপন্স টিমের (ভিটিআরটি) সদ্যেদের সমন্বয়ে আমরা অজগরটিকে উদ্ধার করি।
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বনসংরক্ষক মো. জয়নাল আবেদীন বলেন, অজগরটি উদ্ধার করে ওয়াল্ড টিম ও ভিটিআরটির সদস্যরা আমাদের কাছে হস্তান্তর করেছে। আমরা সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অজগরটি রেঞ্জ অফিস সংলগ্ন বনে অবমুক্ত করেছি। ৮ ফুট লম্বা অজগরটির ওজন প্রায় ৭ কেজি।
এনিয়ে এক বছরে লোকালয় থেকে ৩৯টি অজগর উদ্ধার করা হলো বলেও জানান জয়নাল আবেদীন।










