করোনার উর্ধ্বমুখী সংক্রমণের হার কমাতে চাঁপাইনবাবগঞ্জে ৭ দিনের লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার থেকে এ লকডাউন বাস্তবায়ন করা হবে। লকডাউনের আওতায় জেলায় প্রবেশ ও চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সোমবার বেলা ১২টার দিকে শহরের নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।

গত ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৬ জনই চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা। জেলায় এক সপ্তাহে সংক্রমণের হার ৫০ শতাংশের বেশি। অন্যদিকে সরকারি সীদ্ধান্তে দেশের দ্বিতীয় বৃহত্তম সোনামসজিদ স্থলবন্দর দিয়ে প্রবেশ করছে ভারতে আটকে পড়া বাংলাদেশীরা। ফলে সংক্রমন বৃদ্ধির ঝুঁকি কয়েকগুণ বেড়েছে। মূলত মৃত্যুর হার বৃদ্ধি ও ঝুঁকি এড়াতেই লকডাউন ঘোষণা দেয়া হয়েছে।

জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ জানান, মঙ্গলবার থেকে আগামী রবিবার পর্যন্ত জেলায় সাতদিনের কঠোর লকডাউন থাকবে। এ সময় সব ধরণের যাববহন বন্ধ থাকবে। তবে জরুরি পরিষেবা-এ্যাম্বুলেন্স ও পণ্যবাহী ট্রাক চালু থাকবে। আগামী ৭ দিনে অন্য জেলায় আন্তঃজেলা পরিবহন চলবে না।

তিনি আরো বলেন, লকডাউন চলাকালীন সব দোকানপাট ও সাপ্তাহিক হাট বন্ধ থাকবে। তবে কাঁচাবাজার ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকান এবং ফার্মেসী খোলা থাকবে। কেউ জরুরি প্রয়োজনে বাইরে গেলে অব্যশই মাস্ক পরিধান করে যেতে হবে। জুম্মাসহ পাঁচ ওয়াক্ত নামাজে ২০ জনের বেশি অংশ নিতে পারবে না।