পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন, মানুষের ভাগ্য উন্নয়নের জন্য বাংলাদেশের সরকার ব্যবস্থায় স্থানীয় সরকার কাঠামো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ।

রোববার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজশাহীর বাঘা উপজেলা পরিষদ চত্বরে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শাহরিয়ার আলম বলেন, স্থানীয় সরকার এমন এক ধরনের প্রতিষ্ঠান যা গ্রামীণ পর্যায়ে উন্নয়ন মূলক কাজ করে। গ্রামীণ পর্যায়ে সাধারণ মানুষের আশা ও আকাঙ্খার প্রতিফলন ঘটায়। তাদের বিভিন্ন ধরনের উন্নয়নকাজে সরাসরি জড়িত থাকে। গত ১৫ বছরে স্থানীয় সরকারব্যবস্থার মাধ্যমে দেশের অবকাঠামোগত উন্নয়নই নয় সব ধরনের প্রয়োজনীয় সেবাই সহজ করা হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, আমাদের ভালোভাবে বাঁচার জন্য যে দুটি মন্ত্রণালয় খুবই গুরুত্বপূর্ণ। তাহলো স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়। ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের অবকাঠামোগত কাজ প্রায় শেষ। প্রধানমন্ত্রী শিক্ষাক্ষেত্রে সুষম উন্নয়ন করেছেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সরকার বলছে কারিগরি শিক্ষা শিখতে। যদি কোনো ছেলে দক্ষতা অর্জন তাহলে তার চাকরি দেয়ার দায়িত্ব আমাদের। স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেউ যেন সেবা নিতে এসে বা কোনো ভাতার জন্য এসে হয়রানির শিকার না হয় এ জন্য তিনি জনপ্রতিনিধিদের সর্তক থাকতে বলেন।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. ফকরুল ইসলাম ও উপজেলা নির্বাহী অফিসার মো.সোহরাব হোসেন।