বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, আজকে যারা নন ইস্যুকে ইস্যু তৈরি করে ঘোলা পানিতে মাছ শিকারের জন্য বিএনপির বিরুদ্ধে অশ্লীল ও কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছে তাদের মুখোশ আমরা উন্মোচন করব। যেটা আমাদের রক্ত ক্ষরণ করেছে। আমরা অনেক ধৈর্য, সহিষ্ণুতার পরিচয় দিয়েছি। তারা গাঁয়ে পা দিয়ে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে নির্বাচনকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করতে চায়। পতিত স্বৈরাচার সরকারকে ফিরিয়ে আনার জন্য, রাজনীতিতে পুনর্বাসনের জন্য তারা গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। কোনো অবস্থাতেই পতিত স্বৈরাচার সরকার বাংলাদেশের মাটিতে ফিরে আসতে পারবে না।

রোববার (২০ জুলাই) দুপুরে নরসিংদীর বাসাইল এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে আবদুল কাদির মোল্লা সিটি কলেজের সামনে জেলা কৃষক দলের উদ্যোগে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে বৃক্ষরোপণ ও বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

খোকন বলেন, বিএনপি হলো জনগণের দল। বিএনপি অনেক ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে আজকে এসেছে। বিএনপিকে ধ্বংস করার জন্য বহু চেষ্টা করা হয়েছে। এই ১৬ বছর নেতাকর্মীরা অন্যায়, অত্যাচার ও নির্যাতনের বিরুদ্ধে লড়াই করেছে। বিএনপি এ দেশের জনগণের কল্যাণে কাজ করেছে। কোনো ভয়, ভীতি, হুমকি দিয়ে লাভ হবে না। বিএনপি হলো ধ্বংসস্তূপ থেকে উঠে আসা একটি দল। কোনো ষড়যন্ত্র বিএনপির অগ্রযাত্রা ব্যাহত করতে পারবে না।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সবুজ বিপ্লবের জনক ছিলেন। পরিবেশ রক্ষার জন্য বৃক্ষ রোপণের কোনো বিকল্প নেই। তাই ফলজ, বনজ, ঔষধী গাছ রোপণ করে আমরা পরিবেশ রক্ষা করব। যার যার বাড়ির আঙ্গিনায় বৃক্ষ রোপণ করে পরিবেশ রক্ষায় সবাই এগিয়ে আসবেন।

নরসিংদী জেলা কৃষক দলের আহ্বায়ক শফিকুল ইসলাম আপেলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি বিজি রশিদ নওশের, গোলাম কবির কালাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মহসীন হোসাইন বিদ্যুৎ, নরসিংদী শহর বিএনপির সাধারণ সম্পাদক ফারুক উদ্দিন ভূইয়া, কৃষক দলের সাধারণ সম্পাদক দীপক কুমার বর্মন প্রিন্স, সিনিয়র যুগ্ম আহবায়ক এস এম শাহেনশা, যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম জুয়েল, জেলা মহিলা দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মাসুদা আক্তারসহ জেলা ও উপজেলার নেতারা।

পরে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন দলের নেতাদেরকে নিয়ে আবদুল কাদির মোল্লা সিটি কলেজের শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ ও কলেজ প্রাঙ্গণে বৃক্ষ রোপণ করেন।