দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম বলেছেন, ‘দুর্যোগ মোকাবেলার চেয়ে প্রশমন এখন বেশি গুরুত্বপূর্ণ। আগাম প্রস্তুতি ও পূর্বাভাসভিত্তিক পদক্ষেপই মানুষের জীবন ও সম্পদ রক্ষায় কার্যকর ভূমিকা রাখতে পারে।’

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে পূর্বাভাসভিত্তিক আগাম সাড়াদান কার্যক্রমের তৃতীয় জাতীয় সংলাপ প্ল্যাটফর্মের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, ‘বর্তমান জলবায়ু বাস্তবতায় দুর্যোগের ঝুঁকি বাড়ছে। আকস্মিক বন্যা, ভূমিধস, বজ্রপাত, খরা, তাপপ্রবাহ ও শৈত্যপ্রবাহ ঘন ঘন ঘটছে। এতে শুধু অর্থনীতি নয়, মানুষের দৈনন্দিন জীবনও হুমকির মুখে পড়ছে। উন্নত প্রস্তুতির কারণে জীবনহানির সংখ্যা কমলেও অর্থনৈতিক ক্ষতি, জীবিকা ও সম্পদের ক্ষতি এখনো ব্যাপক।’

তিনি আরো বলেন, ‘অ্যান্টিসিপেটরি অ্যাকশন বা পূর্বাভাসভিত্তিক পদক্ষেপ মানে সংকট আসার আগে কাজ করা, পরে নয়। এ ভাবনা দুর্যোগ ব্যবস্থাপনায় নতুন দিগন্ত খুলে দিয়েছে। বাংলাদেশের সমাধান হতে হবে বাস্তবভিত্তিক, মানুষকেন্দ্রিক, কমিউনিটি-ভিত্তিক ও স্থানীয় নেতৃত্বাধীন। আর্লি ওয়ার্নিং ফর অল উদ্যোগের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষকেও যথাসময়ে সতর্কবার্তা পৌঁছানোর উদ্যোগ নেয়া হয়েছে।’

তৃতীয় জাতীয় সংলাপ প্ল্যাটফর্ম নিয়ে তিনি বলেন, ‘আগামী দুই দিন এই সংলাপে অভিজ্ঞতা বিনিময়, নতুন ধারণা অনুসন্ধান ও ভবিষ্যতের পথ নির্ধারণ হবে। চলতি বছরের আলোচনার মূল বিষয় হলো বহুমুখী ঝুঁকির প্রেক্ষাপটে অন্তর্ভুক্তিমূলক, সমন্বিত ও স্থানীয় নেতৃত্বাধীন অ্যান্টিসিপেটরি অ্যাকশন নিশ্চিত করা।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কেএম আব্দুল ওয়াদুদ। এতে বক্তব্য দেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি ও সমন্বয়কারী গুয়েন লুইস, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) প্রফেসর মো. আজিজুল ইসলাম, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজোয়ানুর রহমান, বিশ্ব খাদ্য কর্মসূচির প্রতিনিধি জেস উড ও অ্যাকশন এগেইনস্ট হ্যাঙ্গারের কান্ট্রি ডিরেক্টর মো. আকমাল শরীফ।