গাজীপুরের কালিয়াকৈর উপজেলার তেলিরচলা এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩৬ জন দগ্ধ হওয়ার ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মার্চ) সকালে গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মো. সফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন শেষে তদন্ত কমিটি গঠনের বিষয়টি জানান।

তিনি বলেন, গ্যাসের আগুনে ৩৬ জন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে ৩৪ জন আছেন ঢাকায়। বাকি দুজন স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন। ঘটনাটি তদন্ত করতে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবিরকে তদন্ত কমিটির প্রধান করা হয়েছে। অন্য দুই সদস্য হলেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহাম্মেদ ও গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরিফিন।

জেলা প্রশাসক বলেন, এখানে যারা থাকেন তাদের গ্যাস ও বিদ্যুৎ ব্যবহারের অভিজ্ঞতা কম। যে কারণে এমন ঘটনা ঘটেছে। আমরা ফায়ার সার্ভিসের কর্মীদের দিয়ে অগ্নিমহড়া দেয়ার ব্যবস্থা করব যেন ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে। অগ্নিদগ্ধদের সার্বিক সহযোগিতা করা হবে। সার্বক্ষণিক তাদের খোঁজ খবর নেয়া হচ্ছে।

গাজীপুর পুলিশ সুপার কাজী শফিকুল আলম বলেন, এ ধরনের ঘটনার যেন পুনরাবৃত্তি না হয় সেজন্য সচেতনতা প্রয়োজন। যারা আইনের ব্যত্যয় ঘটাবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এখানে যারা গ্যাস সিলিন্ডার বিক্রি করেন তাদের ডিলারশিপ ঠিক আছে কি না তা দেখা হবে। এখানে মানুষের মধ্যে সচেতনতার অভাব রয়েছে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহাম্মেদ, কালিয়াকৈর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আজমেরী হোসেন, কালিয়াকৈর থানার ওসি এ এফ এম নাসিম, মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইফুল আলম।