গোপালগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন ২৫ জন। গতকাল সকালে গোপালগঞ্জ সদর উপজেলার শুকতাইল ইউনিয়নের পার চন্দ্র দিঘলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, আধিপত্য বিস্তার নিয়ে পার চন্দ্র দিঘলিয়া গ্রামের ওবায়দুর মেম্বারের সঙ্গে একই গ্রামের সাবান মোল্যা ও রাজিবুল মোল্যার দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। এ ঘটনার জের ধরে গতকাল সকালে উভয় পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় কয়েকটি বাড়িঘর ভাংচুর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালানো হয়। সংঘর্ষে ১৫ জন গুলিবিদ্ধসহ ২৫ জন আহত হন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওবায়দুর মেম্বারের সমর্থক গুলিবিদ্ধ মাসুদ মোল্যা বলেন, সংঘর্ষের সময় সাবান মোল্যার লোকজন বন্দুক দিয়ে ছররা গুলি ছোড়ে। এতে আমাদের ১৫ জন গুলিবিদ্ধ হয়েছেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. বিচিত্রা ও মঞ্জুরুল আলম জানান, ধারণা করা হচ্ছে আহতরা অধিকাংশই বন্দুকের ছররা গুলিতে আহত হয়েছেন। সবাইকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।










