হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় ফেসবুকে স্ট্যাটাস দেয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে রাসেল মিয়া (৪৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। সংঘর্ষে আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ। এ ঘটনায় ওই এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
গতকাল সকালে উপজেলার কাকাইলছেও গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। দুপুরে আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম রেজাউল করিম ১৪৪ ধারা জারি করেন। আজ দুপুর পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে বলেও জানিয়েছেন তিনি।
পুলিশ ও এলাকাবাসী জানায়, আধিপত্য বিস্তার নিয়ে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কুহিন সওদাগর ও ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি হান্নান মিয়ার মধ্যে বিরোধ রয়েছে। সম্প্রতি ফেসবুক পোস্ট নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে সোমবার দুজনের পক্ষে দুই গ্রামের লোকের মধ্যে সংঘর্ষ হয়। মঙ্গলবার পুনরায় দুই গ্রামের বাসিন্দা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় বেশ কয়েকটি দোকানপাট ভাংচুর ও লুটপাট করার অভিযোগও পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে কাকাইলছেও গ্রামের ব্যবসায়ী রাসেল মিয়া গুরুতর আহত হলে স্বজনরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক অভিজিৎ পাল বলেন, ‘রাসেল মিয়াকে হাসপাতালে নিয়ে আসার পর পরীক্ষা-নিরীক্ষা করে মৃত অবস্থায় পাওয়া যায়। মরদেহের ময়নাতদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।’
আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম বলেন, ‘এলাকায় শৃঙ্খলা রক্ষায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। ফলে মানুষ দলবদ্ধ হতে পারবে না। পরিস্থিতি বিবেচনায় এ আদেশের সময়সীমা বাড়তে পারে।’
আজমিরীগঞ্জ থানার ওসি আকবর হোসেন জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।










