দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম বৃহৎ কৃত্রিম জলাধার কাপ্তাই হ্রদে মাছ আহরণে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়েছে। দ্বিতীয় দফায় নিষেধাজ্ঞা ২৩ দিন বাড়ানোর কারণে আগামী ৩১ আগস্ট পর্যন্ত মাছ ধরা যাবে না হ্রদে। তবে ১ সেপ্টেম্বর মধ্যরাত থেকে মাছ আহরণে কোনো বাধা থাকবে না।
গতকাল বেলা ১১টায় রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘কাপ্তাই হ্রদে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা আরোপ সংক্রান্ত’ বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এর আগে ২৩ জুলাই এক বৈঠকে নিষেধাজ্ঞা আরো ১৫ দিন বাড়ানো হয়। বৈঠকে ৮ আগস্ট হ্রদে মাছ আহরণের বিষয়ে সিদ্ধান্ত নেয়ার কথা বলা হয়েছিল।
কাপ্তাই হ্রদ মৎস্য উন্নয়ন ও বিপণন কেন্দ্রের ব্যবস্থাপক কমান্ডার মো. আশরাফুল আলম ভূঁইয়া বলেন, ‘বৈজ্ঞানিক ব্যাখ্যা, ব্যবসায়ী ও জেলেদের চাহিদা এবং তাদের অবস্থার কথা বিবেচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি ১ সেপ্টম্বর থেকে লেকে মাছ আহরণ শুরু করা যাবে।’
জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান বলেন, ‘দীর্ঘদিন মাছ শিকার বন্ধ থাকায় এখানকার ভোক্তারা আমিষ থেকে বঞ্চিত হচ্ছেন। কিন্তু সবার স্বার্থ বিবেচনা করেই সময় আরো কিছুটা বাড়িয়ে ১ সেপ্টেম্বর হ্রদ খুলে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।’
২৫ এপ্রিল থেকে ২৪ জুলাই পর্যন্ত তিন মাস দক্ষিণ-পূর্ব এশিয়ার সবচেয়ে বড় কৃত্রিম জলাধার কাপ্তাই হ্রদে মাছ আহরণে নিষেধাজ্ঞা আরোপ করে জেলা প্রশাসন। কাপ্তাই হ্রদে কার্প জাতীয় মাছের সুষম বৃদ্ধি, মাছের প্রাকৃতিক প্রজনন নিশ্চিতসহ জীববৈচিত্র্য রক্ষায় এ নিষেধাজ্ঞা দেয়া হয়।










