সড়ক দুর্ঘটনায় পাবনায় তিনজন, নওগাঁর ধামইরহাটে একজন ও ময়মনসিংহের ভালুকায় একজনসহ মোট পাঁচজন নিহত হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো খবর—
পাবনা: শ্যালো ইঞ্জিনচালিত নছিমন ও সিএনজিচালিত অটোরিকশার মধ্যে সংঘর্ষে পাবনায় তিনজন নিহত ও একজন আহত হয়েছেন। পাবনা-কাশিনাথপুর মহাসড়কের দাড়িয়াপুরে গতকাল বেলা সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রওশন আলম এ তথ্য নিশ্চিত করে জানান, পাবনা থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা কাশিনাথপুরে যাওয়ার পথে দাড়িয়াপুরে বিপরীত দিক থেকে আসা নছিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান।
আহত দুজনের মধ্যে একজনকে কাশিনাথপুর ক্রিসেন্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত অন্যজনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাত্ক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী বলে জানা গেছে।
নওগাঁ: ধামইরহাটে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর সঙ্গে ধাক্কা লেগে মোহাম্মদ আলী মুন্না (৩২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০টায় উপজেলার ধামইরহাট-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কের ঘুকসী সেতুর সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ আলী মুন্না উপজেলার হাটনগর গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সকাল ১০টায় শ্যালকের মোটরসাইকেল নিয়ে চকমহেশ গ্রাম থেকে নিজ বাড়ি হাটনগরে যাচ্ছিলেন মুন্না। পথিমধ্যে উপজেলার ধামইরহাট-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কের ঘুকসী সেতুর কাছে পৌঁছলে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারান তিনি। এতে সেতুর সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন মুন্না। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রেফার্ড করেন। সেখানে বেলা ১টায় জরুরি বিভাগে চিকিৎসা চলাকালীন অবস্থায় তার মৃত্যু হয়।
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মমিন সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
ভালুকা: ময়মনসিংহের ভালুকায় অজ্ঞাত গাড়িচাপায় আনোয়ার হোসেন সাগর (৩৫) নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। এ সময় স্ত্রী হোসনে আরা (৩০) গুরুতর আহত হন। নিহত সাগর সুনামগঞ্জ জেলার ধরমপাশা উপজেলার নওধার গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে। ঘটনাটি ঘটেছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার কাঁঠালী মল্লিকবাড়ি মোড় এলাকায়।
ভালুকার ভরাডোবা হাইওয়ে থানার ওসি মশিউর রহমান জানান, ঢাকাগামী একটি মোটরসাইকেলকে একই দিকে যাওয়া অজ্ঞাত গাড়ি পেছন থেকে চাপা দেয়। এতে চালক আনোয়ার হোসেন সাগর ঘটনাস্থলেই নিহত হন। এ সময় নিহতের স্ত্রী হোসনে আরাকে গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।










