চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য ড. ইয়াহইয়া আকতার বলেছেন, চাকসু নির্বাচনে ইতিহাস গড়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ডাকসু, জাকসু নির্বাচনে ছবিযুক্ত ভোটার তালিকা ব্যবহার করা হয়নি। আমরা করেছি। এতে চাকসু নির্বাচনে অধিক স্বচ্ছতা নিশ্চিত করেছে নির্বাচন কমিশন।
আজ বিকাল সাড়ে তিনটায় কলা অনুষদের বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। তিনি জানান, বুধবার রাতের মধ্যে ফলাফল দেয়ার চেষ্টা চলছে। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফলাফল ওআরএম মেশিনে গণনার অভিজ্ঞতা থাকলেও ভোট গণনার অভিজ্ঞতা নাই। এরপরও আমরা চেষ্টা করছি দ্রুত সময়ে ফলাফল ঘোষণা করতে।
অমোচনীয় কালি ব্যবহার, ভোটারের স্বাক্ষর না নেয়াসহ বেশ কয়েকটি অভিযোগের বিষয়ে তিনি বলেন, ছবিযুক্ত ভোটার তালিকা থাকায় আঙুলের চিহ্ন গুরুত্বপূর্ণ নয়, এমনকি স্বাক্ষরও গুরুত্বপূর্ণ নয়। আনন্দ, উল্লাসের মধ্য দিয়ে শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন। মিডিয়াকে সর্বোচ্চ প্রবেশাধিকার দেয়া হয়েছে। ফলে চাকসু নির্বাচন নিয়ে কোনো ধরনের অনিয়ম হওয়ার সুযোগই নেই।















