আগামী জুলাই, আগস্ট, সেপ্টেম্বর —এই তিন মাস ডেঙ্গুর প্রকোপ আরো বাড়তে পারে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, এই তিন মাস ডেঙ্গুর অবস্থা আরো ভয়াবহ হবে। এ পর্যন্ত ডেঙ্গুতে দেশের ৫৭ জেলায় ৫৯ জন মারা গেছেন।

মন্ত্রী আজ রোববার (৯ জুলাই) দুপুরে মানিকগঞ্জের গড়পাড়ায় নিজ বাড়িতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।

জাহিদ মালেক বলেন, সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী ৫৭ জেলায় ডেঙ্গু ছড়িয়ে পড়েছে। এর প্রকোপ ঢাকায় সবচেয়ে বেশি। ৬০ শতাংশ রোগী ঢাকার। আমাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও মুগদা হাসপাতালে অনেক রোগী ভর্তি রয়েছেন। আমরা ডেঙ্গু মোকাবেলায় কাজ করে চলেছি।

মশা নিয়ন্ত্রণে সিটি করপোরেশন ও পৌরসভাকে নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান তিনি। মন্ত্রী বলেন, গত বছর ডেঙ্গুর অবস্থা অপেক্ষাকৃত ভালো ছিল, এই বছর ডেঙ্গুর প্রকোপ অনেক বেশি। সামনের দুই-তিন মাসে ডেঙ্গুর প্রকোপ আরো বাড়তে পারে।

সারা দেশের হাসপাতালগুলোতে ডেঙ্গু ইউনিট স্থাপন করা আছে জানিয়ে মন্ত্রী বলেন, তাদের নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া ডাক্তার ও নার্সদের প্রশিক্ষণ দেয়া হয়েছে। ডেঙ্গু রোগীদের জন্য প্রয়োজনীয় স্যালাইনের ব্যবস্থা করা হয়েছে।