বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন,
বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার আর কখনো হবে না। কারণ, এরই মধ্যে দেশের সর্বোচ্চ আদালত থেকে এর বিরুদ্ধে রায় দেয়া হয়েছে। যারা এখনো দেশের সর্বোচ্চ আদালতের রায়কে অবজ্ঞা করে তাদের মনমতো
সরকার দেখতে চান, তাদের সে স্বপ্ন পূরণ হবে না।
গতকাল চাঁদপুর স্টেডিয়ামে সকালে জেলা আওয়ামী লীগের তৃণমূল প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি, পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামছুল আলম, দলের সাংগঠনিক সম্পাদক হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, মেজর (অব.) রফিকুল
ইসলাম এমপি, আওয়ামী লীগের সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, নুরুল ইসলাম রুহুল এমপি, মুহাম্মদ শফিকুর রহমান এমপি, দলের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক সুজিত রায় নন্দী। প্রথম দিনের তৃণমূল প্রতিনিধি সভায় দলের বিভিন্ন অঙ্গসংগঠনের তৃণমূল নেতারা বক্তব্য রাখেন।
সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন আহম্মদ। পরিচালনা করেন সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটওয়ারী। আজ একই স্থানে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হবে।










