ঠাকুরগাঁও সদর উপজেলায় দ্রুতগতির মোটরসাইকেল গাছের সঙ্গে ধাক্কা খেয়ে দুই আরোহী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার রাজাগাঁও ইউনিয়নের নামাজপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রাজাগাঁও ইউনিয়নের উত্তর বঠিনা নতুন বস্তির মসলিম উদ্দীনের ছেলে মোহাম্মদ সিদ্দিক (২৭) ও একই গ্রামের কাদেদ আলীর ছেলে মোহাম্মদ সুমন (২৬)।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রুহিয়া থানার ওসি চিত্ত রঞ্জন রায় গণমাধ্যমকে জানান, রাত সাড়ে ৮টার দিকে পঞ্চগড় জেলায় আটোয়ারী উপজেলার রাণীগঞ্জ এলাকা থেকে মোটরসাইকেলে করে দুই বন্ধু সিদ্দিক ও সুমন ঠাকুরগাঁও সদরের উত্তর বঠিনা নতুন বস্তির বাড়িতে ফিরছিলেন৷ পথে নিয়ন্ত্রণ হারিয়ে মোটর সাইকেলটি রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। ঘটনাস্থলেই সিদ্দিকের মৃত্যু হয়। আর সুমন মারা যান ঠাকুরগাঁও সদর হাসপাতালে নেয়ার পথে।
মোটর সাইকেলের গতি বেশি থাকায় নিয়ন্ত্রণ করতে না পেরেই এ দুর্ঘটনা ঘটেছে বলে জানান তিনি। মোটর সাইকেলটি দুমড়ে-মুচড়ে গেছে।
কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি।










