স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, করোনার জন্য এই চেকপোস্ট দিয়ে ভ্রমণ ভিসা বন্ধ করেছিলাম। পঞ্চগড়ের বাংলাবান্ধায় শিগগিরই দুই দেশের মধ্যে আলোচনার মাধ্যমে আবারো যাতায়াত শুরু হবে। বাংলাদেশ-ভারত যে ভাতৃপ্রতিম দুই দেশ বিজিবি-বিএসএফ আজকের এ যৌথ প্যারেড তারই স্বাক্ষর রেখেছে। তিনি গতকাল বিকালে বাংলাবান্ধায় বিজিবি-বিএসএফ জয়েন্ট রিট্রিট প্যারেডের দর্শক গ্যালারি উদ্বোধনকালে এসব কথা বলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মো. মজহারুল হক প্রধান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আখতার হোসেন, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ এসপিপি এনএসডব্লিউসি এএফডব্লিউসি পিএসসি, বিজিবির রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এবিএম নওরোজ এহসান, ভারতের বিএসএফ নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ার, শিলিগুড়ির আইজি অজয় সিং, পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম, পুলিশ সুপার এসএম সিরাজুল হুদাসহ প্রশাসনের কর্মকর্তা, বিজিবি-বিএসএফের কর্মকর্তারা, জনপ্রতিনিধিসহ উভয় দেশের নাগরিকরা উপস্থিত ছিলেন।










