১৮৫৯ সালে নির্মিত চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন আধুনিক হচ্ছে। গতকাল সকালে দ্বিতলবিশিষ্ট আধুনিক স্টেশন ভবন, কার পার্কিং প্লাটফর্ম ও শেড পুনর্নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ১০ কোটি ১৮ লাখ ৪০ হাজার ৬৯০ টাকা ব্যয়ে স্টেশনটি পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দার ছেলুন। চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন চত্বরে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ রেলওয়ে রাজশাহী পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার ও প্রধান প্রকৌশলী আসাদুল হক, জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মঞ্জু, চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম মালিক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রিয়াজুল ইসলাম ও চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দার টোটন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দার ছেলুন বলেন, ‘এ দেশের রেল যোগাযোগের অভাবনীয় উন্নয়ন হয়েছে এবং হচ্ছে। আগে রেল যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত খারাপ ছিল। এ সরকারের ভালো মানসিকতা থাকায় সে ব্যবস্থা কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে। চুয়াডাঙ্গা রেলস্টেশন আধুনিকায়নের ফলে যাত্রীসেবা বাড়বে এবং যাত্রীরা রেল ভ্রমণে আরো স্বাচ্ছন্দ্য অনুভব করবে।’
১৮৫৯ সালে ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে কোম্পানি কলকাতা-কুষ্টিয়ার জগতি পর্যন্ত ব্রড গেজ সিঙ্গেল রেলপথ নির্মাণকাজ শুরু করলে একই বছর চুয়াডাঙ্গা স্টেশন নির্মাণকাজ শুরু হয়। কাজ শেষ হয় ১৮৬০ সালে। সেই থেকে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনটি চুয়াডাঙ্গা শহর ও পার্শ্ববর্তী মেহেরপুর এবং ঝিনাইদহ এলাকার লোকজনকে পরিষেবা দিয়ে আসছে। ১৬৪ বছরের বেশি পুরনো রেলওয়ে স্টেশনটি জরাজীর্ণ হওয়ায় বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ ভবনটি ভেঙে আধুনিক সুযোগ-সুবিধাসংবলিত স্টেশন ভবন নির্মাণের উদ্যোগ নেয়।










