জেলার মুক্তাগাছায় নিজ ঘরের মেঝে খুঁড়ে আব্দুর রশীদ (৬৫) নামে এক বদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিহতের নাতি বাবুকে (১৮) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। গতকাল সকালে পৌর এলাকার ঈশ্বরগ্রাম থেকে তাকে আটক করা হয়। এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে নিজ ঘরের মেঝে খুঁড়ে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়।

মুক্তাগাছা থানার ওসি মাহমুদ হাসান জানান, ১০ অক্টোবর বেলা ২টার দিকে চোখের চিকিৎসা করানোর কথা বলে ঘরে তালা দিয়ে বাড়ি থেকে বের হন আব্দুর রশীদ। বিকাল গড়িয়ে সন্ধ্যা হলেও বাড়ি ফেরেননি তিনি। পরিবারের লোকজন তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন। বৃহস্পতিবার রাতে পরিবারের এক সদস্য তালা দেয়া ঘর থেকে থালা আনতে যান। তখন তালাটি ভেঙে ঘরে প্রবেশ করতেই পচা গন্ধ পান। তার চিত্কারে আশপাশের লোকজন এসে পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘরের মেঝে খুঁড়ে বৃদ্ধের মরদেহ উদ্ধার করে পুলিশ।

ওসি বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অন্যদিকে আটক বাবু আব্দুর রশীদের মেয়ের ঘরের নাতি। সে বেশির ভাগ সময় নানার সঙ্গে কাটাত। এ ঘটনায় তাকে জিজ্ঞাসাবাদ করতেই আটক করা হয়েছে।