তথ্যপ্রযুক্তি, টেলিযোগাযোগ, বিজ্ঞান ও প্রযুক্তি এবং উদ্ভাবনের ক্ষেত্রে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদার করতে পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময় বাড়ানোর প্রয়োজন রয়েছে বলে তিনি মনে করেন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঢাকার আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইলের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন। আজ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মন্ত্রী বলেন, প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সময়ে আন্তর্জাতিক সহযোগিতা, জ্ঞান বিনিময় ও দক্ষ মানবসম্পদ উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব ক্ষেত্রে অস্ট্রেলিয়ার অভিজ্ঞতা বাংলাদেশের জন্য সহায়ক হতে পারে। দুই দেশের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে যোগাযোগ ও সহযোগিতা আরো জোরদার করার ওপর গুরুত্ব দেন তিনি।
মতবিনিময়কালে অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল ২০২৬ সালের নভেম্বরে দোহায় আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের (আইটিইউ) কাউন্সিল নির্বাচনে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে সমর্থন করায় ধন্যবাদ জানান। তিনি বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার সম্পর্ক আরো এগিয়ে নেয়ার আগ্রহ প্রকাশ করেন।
হাইকমিশনার তথ্যপ্রযুক্তি, বিজ্ঞান ও প্রযুক্তি এবং উদ্ভাবনসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনার কথাও তুলে ধরেন।
বৈঠকে উভয় পক্ষ দুই দেশের বিদ্যমান সম্পর্ক আরো সুদৃঢ় করা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা বাড়ানোর আশা প্রকাশ করেন।
এ সময় অস্ট্রেলিয়ার হাইকমিশনের রাজনৈতিক বিষয়ক প্রথম সচিব হ্যারি থম্পসন উপস্থিত ছিলেন।










