মানিকগঞ্জের ঘিওর উপজেলায় স্ত্রী ও দুই মেয়েকে গলা কেটে হত্যার অভিযোগে আসাদুর রহমান রুবেল (৪০) এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আজ রোববার ভোরে উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের আঙ্গারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মরদেহগুলো দেখতে পেয়ে প্রতিবেশীরা পুলিশকে খবর দেন। অন্যদিকে অভিযুক্ত রুবেল পার্শ্ববর্তী ঢাকা আরিচা মহাসড়কের পাঁচুরিয়া এলাকায় আত্মহত্যার জন্য মহাসড়কে শুয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে পুলিশে সোপর্দ করেন।
নিহতরা হলেন, রুবেলের স্ত্রী লাভলী আক্তার (৩৫), বড় মেয়ে বানিয়াজুরী সরকারি স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী ছোঁয়া আক্তার (১৬) ও ছোট মেয়ে স্থানীয় বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী কথা আক্তার (১২)।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব জানান, স্থানীয়রা জানিয়েছেন রুবেল ভোর রাতের কোনো এক সময় তার স্ত্রী ও দুই মেয়েকে হত্যা করেন। এরপর নিজেও আত্মহত্যা করতে যান। সেখান থেকেই তাকে উদ্ধার করেন স্থানীয়রা। প্রতিবেশীদের কাছে খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে।
স্থানীয়রা জানান, পনের বছর যাবত রুবেল আঙ্গারপাড়া একই গ্রামে তার শ্বশুরবাড়িতে স্ত্রী ও মেয়েদের নিয়ে বসবাস করছেন। স্থানীয় বাজারে দাঁতের চিকিৎসা করতেন তিনি। নানা কারণে কিছুদিন ধরে ঋণগ্রস্ত ছিলেন তিনি। এরপর মানসিক বিকারও দেখা দেয়। তাদের পারিবারিক কলহ বাড়তে থাকে। গতকাল রাতে কথা কাটাকাটির একপর্যায়ে হত্যার ঘটনা ঘটতে পারে বলে প্রতিবেশিদের ধারণা।
এ ঘটনায় লাভলী আক্তারের বাবা সাহাজ উদ্দিন বাদী হয়ে থানায় একটি হত্যা মামলার করবেন বলে জানান গেছে।










