গতকাল আনুমানিক বেলা ২টা ১৫ মিনিটে চ্যানেলে প্রবেশের সময় ১ হাজার ২৮২ টিইইউ পণ্যবাহী কনটেইনার জাহাজ ‘এমভি সিএনসি ইউরেনাস’ (আইএমও: ৯৭৬০৬২৭) স্টিয়ারিং গিয়ার বিকলতার কারণে নিয়ন্ত্রণ হারায়। এরপর জাহাজটি ২ নম্বর লাল বয়ার সঙ্গে ধাক্কা খেয়ে সংলগ্ন ওয়ালের ওপর আটকে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
২০১৭ সালে নির্মিত ১৭০ মিটার দৈর্ঘ্যের (এলওএ) এ কনটেইনার জাহাজটির সর্বোচ্চ ড্রাফট ৯ দশমিক ৫০ মিটার। জাহাজটি চীনের শিকৌ বন্দর থেকে ১ হাজার ২৮২ টিইইউ পণ্য নিয়ে চট্টগ্রাম বন্দরে আসে। জাহাজে মাস্টারসহ মোট ২৪ জন ক্রু অবস্থান করছেন। স্থানীয় শিপিং এজেন্ট এপিএল (বাংলাদেশ)।
দুর্ঘটনার পর পরই উদ্ধার তৎপরতা শুরু হয়। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের টাগবোট ‘কান্ডারি-২’, ‘কান্ডারি-৪’ ও ‘কান্ডারি-১১‘, বাংলাদেশ নৌবাহিনীর টাগবোট ‘হালদা’ ও টানেল টাগবোট ‘প্রমত্ত’ দুর্ঘটনাস্থলে মোতায়েন করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারাও ঘটনাস্থলে উপস্থিত থেকে জাহাজটিকে পুনরায় ভাসানোর জন্য নিরবচ্ছিন্ন উদ্ধার তৎপরতা পরিচালনা করছিলেন। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বণিক বার্তাকে বলেন, ‘দুর্ঘটনাস্থলের বাইরে চ্যানেলটি সম্পূর্ণ নিরাপদ ও নৌযান চলাচলের জন্য উন্মুক্ত রয়েছে।’









