চুয়াডাঙ্গায় এসএসসি পরীক্ষার্থী মাহবুবুর রহমান তপু (১৭) হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবিতে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে চুয়াডাঙ্গা প্রেস ক্লাবের সামনে আল হেলাল মাধ্যমিক ইসলামী একাডেমির শিক্ষক, ছাত্রছাত্রী ও স্থানীয়দের আয়োজনে এ কর্মসূচি পালন হয়। পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে নুরনগর কলোনিপাড়ায় গিয়ে শেষ হয়।
মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে আল হেলাল মাধ্যমিক একাডেমির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রিপন আলী, ম্যানেজিং কমিটির সভাপতি শহিদুল কদর জোয়ার্দ্দারসহ শিক্ষার্থী ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।










