আরএকে সিরামিকস পিজেএসসি, ইউএই-এর গ্রুপ প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেডের চেয়ারম্যান আবদাল্লাহ মাসাদ তিন দিনের সফরে বাংলাদেশে এসেছেন। ২৫ থেকে ২৭ জুলাই পর্যন্ত তার এ সফরে সঙ্গী হিসেবে রয়েছেন আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেডের পরিচালক ও গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তা মনোজ আহিরে।

সফরকালে আবদাল্লাহ মাসাদ দেশের স্থপতি, আবাসন খাতের উদ্যোক্তা, ডিলার, ব্যবসায়িক অংশীদার এবং আরএকে সিরামিকস বাংলাদেশের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। পাশাপাশি তিনি প্রতিষ্ঠানের কর্মীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, সফরের উদ্দেশ্য শিল্প খাতে পারস্পরিক সহযোগিতা জোরদার, উদ্ভাবন ও নকশা–সংক্রান্ত ধারণা বিনিময় এবং বাংলাদেশের বাজারে গ্রুপের দীর্ঘমেয়াদি কার্যক্রম আরো শক্তিশালী করা। এ সময় গ্রুপের কৌশলগত পরিকল্পনা, গ্রাহককেন্দ্রিক উদ্ভাবন, পরিচালনগত উৎকর্ষ, ডিজিটাল রূপান্তর, টেকসই উন্নয়ন ও উৎপাদন ব্যবস্থার উন্নয়নের বিষয়েও গুরুত্বারোপ করবেন তিনি।

আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা খোরশেদ আলম বলেন, আবদাল্লাহ মাসাদের এ সফর বাংলাদেশের বাজারের প্রতি গ্রুপের কৌশলগত গুরুত্বের প্রতিফলন। একই সঙ্গে এটি উদ্ভাবন, পণ্যের গুণগত মান এবং গ্রাহকসেবার প্রতি প্রতিষ্ঠানের অঙ্গীকারকে আরো শক্তিশালী করবে। তিনি বলেন, স্থপতি, ডেভেলপার, ডিলার ও ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে সম্পর্ক আরো জোরদারের মাধ্যমে দেশের নির্মাণশিল্পের টেকসই উন্নয়নে অবদান রাখতে চায় প্রতিষ্ঠানটি।