বরিশালের
বানারীপাড়ায় সেপটিক ট্যাংকে পড়ে যাওয়া বালতি তুলতে গিয়ে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। গতকাল দুপুর ১২টার দিকে উদয়কাঠি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মৃতরা হলেন ওই গ্রামের প্রগতি
মাধ্যমিক বিদ্যালয়সংলগ্ন হাওলাদার বাড়ির আবুল কালাম হাওলাদার (৭০) ও তার ছেলে
কামরুল ইসলাম হায়দার (৪৩)।
বানারীপাড়া থানার এসআই ওসমান গনি পরিবারের বরাতে জানান, কয়েকদিন আগে নিজ বাড়িতে নতুন সেপটিক ট্যাংক নির্মাণ করেন আবুল কালাম হাওলাদার। গতকাল দুপুরে সেন্টারিং খুলতে সেপটিক ট্যাংকের মধ্যে জমে থাকা পানি বালতি দিয়ে পরিষ্কার করছিলেন ছেলে হায়দার। একপর্যায়ে বালতি হাত থেকে ট্যাংকের ভেতরে পড়ে যায়। ওই বালতি তুলতে গিয়ে ট্যাংকের মধ্যে নেমে হায়দার অজ্ঞান হয়ে পড়েন। এ দৃশ্য দেখে ছেলেকে উদ্ধারের জন্য বৃদ্ধ পিতা সেপটিক ট্যাংকে নেমে পড়েন। সেখানে নেমে তিনিও অজ্ঞান হয়ে পড়েন। পরে স্বজন ও স্থানীয়রা অচেতন অবস্থায় বাবা-ছেলেকে উদ্ধার করে স্বরূপকাঠি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কতর্ব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।










