লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম থেকে কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদ পর্যন্ত ১২০ কিলোমিটার দীর্ঘ তিস্তা নদীর নাব্যতা ফেরাতে খনন করার জন্য সরকারের নেয়া ‘মহাপরিকল্পনা’ বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল লালমনিরহাট মিশন মোড় চত্বরে মানববন্ধন ও গণস্বাক্ষর অভিযান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে সুশাসনের জন্য নাগরিক, হিউম্যান রাইটস ডিফেন্ডারস ফোরাম, নদী বাঁচাও আন্দোলন, তারুণ্যের আলো সমাজ কল্যাণ সংস্থা ও সামাজিক সংগঠন পথের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এ সময় বক্তব্য রাখেন সুজন জেলা সভাপতি গেরিলা লিডার ড. এসএম শফিকুল ইসলাম কানু, সহসভাপতি আব্দুস সালাম, নাট্যকার মাখন লাল দাস, অ্যাডভোকেট আঞ্জুমান আরা শাপলা, লালমনিরহাট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আশিকুর রহমান, সহসভাপতি আইয়ুব আলী প্রমুখ।

মানববন্ধনে বক্তারা অবিলম্বে তিস্তা নদী খনন করে পানির সার্বিক ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প বাস্তবায়ন ও ২০১১ সালের ১৯ অক্টোবর স্থানীয় আওয়ামী লীগের জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুত তিন বিঘা করিডোর এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনটি চালুর দাবি জানান।