বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের উপকূলীয় জেলা সাতক্ষীরায় মুষলধারে বৃষ্টির পাশাপাশি ৩ নং সতর্ক সংকেত চলছে। তবে লঘুচাপটি আরো তিন থেকে চারদিন থাকবে বলে জানান জেলা আবহাওয়া অধিদপ্তর।
লঘুচাপটির প্রভাবে ভারিবর্ষনের ফলে জেলা শহরসহ সাতক্ষীরার অনেক নিম্নঅঞ্চল তলিয়ে গেছে। শুক্রবার দুপুর সাড়ে ১২ থেকে সোয়া ১টা পর্যন্ত মুষলধারে বৃষ্টিপাতের ফলে শহরের কাটিয়া, লস্কার পাড়া, রাজারবাগান, ঝুটিতলা, সরকারপাড়া, রথখোলা, ইটাগাছা, কামালনগর, মধুমল্লারডাঙ্গী ও পলাশপোলসহ জেলার অনেক নিম্নাঞ্চল তলিয়ে গেছে।
সাতক্ষীরা আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী জানান, বঙ্গপোসাগরে লঘুচাপের প্রভাবে সাতক্ষীরায় বৃষ্টির পাশাপাশি তিন নম্বর সংকেত চলছে। আগামী আরো তিন চারদিন বৃষ্টিপাত হতে পারে। তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই।
তিনি আরো বলেন, উত্তর-পশ্চিম ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং ওডিশা-অন্ধ্র প্রদেশ উপকূলে লঘুচাপ অবস্থান করছে। এর প্রভাবে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
তাছাড়া খুলনা বিভাগের অনেক জায়গায় আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে। খুলনা ও আশপাশের নদী অববাহিকায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দেয়া হয়েছে বলেও জানান তিনি।










