ভূমিকম্পে নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয় (ডিসি অফিস) ও সার্কিট হাউসসহ শতাধিক ভবনে ফাটল দেখা দিয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের সাবস্টেশনে আগুন লাগলে সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। পরে বিদ্যুৎকেন্দ্রটি বন্ধ করে দেয়া হয়। ভূমিকম্পে সাবস্টেশনের বিপুল পরিমাণ পিটি (প্রডাকশন ট্রান্সফরমার) ভেঙে পড়ে।

ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার কারখানার ইউরিয়া প্রডাকশন সাময়িক সময়ের জন্য বন্ধ হয়ে যায়। এ ছাড়া জেলা প্রশাসকের কার্যালয় ও সার্কিট হাউসসহ শতাধিক ভবনে ফাটল দেখা দিয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ভূমিকম্প সৃষ্ট ক্ষয়ক্ষতি ও দূর্যোগ সংশ্লিষ্ট তথ্যের জন্য জেলা প্রশাসন থেকে কন্ট্রোল রুম খুলে সার্বিক পরিস্থিতি নিয়ে খোঁজখবর রাখা হচ্ছে।

শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে রিখটার স্কেলে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। কেন্দ্রস্থল ছিল নরসিংদীর মাধবদী।