নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে সরবরাহ ব্যবস্থাকে অদৃশ্য হাতের প্রভাবমুক্ত করার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। রোববার (২৪ মার্চ) দুপুরে মতিঝিলে অবস্থিত এফবিসিসিআই কার্যালয়ে সংগঠনটির প্রাইস মনিটরিং কমিটির সমন্বয় সভায় তারা এ বিষয়ে একমত হন। এ সভায় রাজধানীর বিভিন্ন এলাকার খুচরা ও পাইকারি বিক্রেতা এবং আড়তদাররা অংশগ্রহণ করেন। তারা বলেন, বিভিন্ন মহলকে চাঁদা দিয়ে যারা ফুটপাত কিংবা রাস্তার ওপর পণ্য কেনাবেচা করে তারাই বাজার অস্থিতিশীল করার পেছনে দায়ী।

এফবিসিসিআইয়ের সিনিয়র সহসভাপতি মো. আমিন হেলালী সভায় সভাপতিত্ব করেন। তিনি বলেন, দ্রব্যমূল্য নিয়ে প্রায়ই সাধারণ মানুষ ব্যবসায়ীদের নিয়ে খারাপ মন্তব্য করেন। কিন্তু বেশিরভাগ ব্যবসায়ীই স্বচ্ছভাবে নিজেদের ব্যবসা পরিচালনা করতে চান। অল্প কিছু মানুষের জন্য সবার বদনাম হচ্ছে। এই অবস্থা থেকে বের হওয়া জরুরি। একজন আদর্শবান ব্যবসায়ী কখনো কালোবাজারি হতে পারেন না।

রাজধানীর প্রতিটি বাজারে কী কী সমস্যা ও প্রতিবন্ধকতা রয়েছে, তা সুনির্দিষ্ট আকারে লিপিবদ্ধ করে এফবিসিসিআইতে জমা দিতে বাজার কমিটিগুলোর প্রতি আহ্বান জানান এফবিসিসিআইয়ের সিনিয়র সহ-সভাপতি মো. আমিন হেলালী। ব্যবসায়ী ও আড়তদারদের সমস্যা নিয়ে এফবিসিসিআই সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা করবে বলেন জানান তিনি।

সরবরাহ ব্যবস্থাকে অস্থিতিশীল করে এমন ব্যবসায়ীদের প্রতি হুঁশিয়ারি উল্লেখ করে এফবিসিসিআইয়ের সিনিয়র সহসভাপতি বলেন, দ্রব্যমূল্য সর্বসাধারণের নাগালে রাখতে সবার আগে সাপ্লাই চেইনকে অদৃশ্য হাতের প্রভাবমুক্ত করতে হবে। বাজারগুলোতে দৃশ্যমান ও অদৃশ্যমান চাঁদাবাজি বন্ধে আমরা সক্রিয়ভাবে কাজ করব।

রাজধানীর বিভিন্ন বাজারের আড়তদাররা জানান, স্থায়ী লাইসেন্সপ্রাপ্ত আড়তদাররা বাজার অস্থিতিশীল করার পেছনে দায়ী নন। লাইসেন্সপ্রাপ্ত আড়তদারদের অভিযোগ, রাতে পণ্য বোঝাই ট্রাক ঢাকার বাজারগুলোয় ঢুকলে গাড়িতে থাকা অবস্থায় সেই পণ্য ২ থেকে ৩ বার হাতবদল হয়ে দাম বেড়ে যায়। এক্ষেত্রে ভাসমান ব্যবসায়ীরা অনেকাংশে দায়ী থাকলেও সরকারের বাজার নিয়ন্ত্রণকারী সংস্থাসমূহ অভিযান, জেল-জরিমানা করে স্থায়ী আড়তদারদের। আর অস্থায়ী বা ভাসমান ব্যবসায়ীরা দিনের আলো ফোটার আগেই উধাও হয়ে যান। ফলে সব ঘটনাতেই সাজা ভোগ করতে হচ্ছে স্থায়ী লাইসেন্সপ্রাপ্ত আড়তদারদের।

সভায় জানানো হয়, আগামী কয়েক সপ্তাহ এফবিসিসিআইয়ের প্রাইজ মনিটরিং কমিটি রাজধানীর বিভিন্ন বাজারে গিয়ে বাজার কমিটিগুলোর সঙ্গে বৈঠক করবে। এ সময় বাজার কমিটিগুলোকে সমস্যা সমাধানে সামষ্টিকভাবে অগ্রসর হওয়ার আহ্বান জানান আমিন হেলালী।