সিরাজগঞ্জে অস্ত্র মামলায় দুই যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল দুপুরে জেলার বিশেষ ট্রাইব্যুনাল-৬ আদালতের বিচারক সুপ্রিয়া রহমান এ রায় দেন। জেলা জজ আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) ওয়াছ করণী এ তথ্য জানিয়েছেন।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন পাবনা সদর উপজেলার খয়ের বাগান গ্রামের মিজানুর রহমান ওরফে মিজান (১৯) ও একই উপজেলার ভাউডাঙ্গা কালুরপাড়া গ্রামের আবদুল ওহাব (৩৫)। রায় ঘোষণার সময় মিজানুর আদালতে উপস্থিত ছিলেন। তবে আবদুল ওহাব পলাতক।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ৬ নভেম্বর সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল সিরাজগঞ্জ-কড্ডা আঞ্চলিক সড়কের কাদাই সিলভার ডেল পার্কের সামনে অভিযান চালিয়ে আবদুল ওহাব ও মিজানুর রহমানকে আটক করে। ওই সময় তাদের কাছ থেকে দুটি বন্দুক ও একটি গুলি জব্দ করা হয়। এ ঘটনায় ডিবির এসআই ইয়াসিন আরাফাত বাদী হয়ে অস্ত্র আইনে মামলা করেন।

আদালত সূত্র জানায়, মামলাটির তদন্তের দায়িত্ব দেয়া হয় ডিবির এসআই নাজমুল হককে। তদন্তকালে আসামিদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে পাবনায় আবদুল ওহাবের বাড়িতে অভিযান চালিয়ে আরো ২৭টি পাইপগান উদ্ধার করা হয়। মামলার তদন্ত শেষে দুজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্তকারী কর্মকর্তা। রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের আইনজীবীদের দীর্ঘ শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি মিজানুর রহমানের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন আদালত। মামলা চলাকালে জামিনে বের হয়ে  আত্মগোপন করেন আবদুল ওহাব। জেলা জজ আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) ওয়াছ করণী এ তথ্য জানিয়েছেন।