কুষ্টিয়ার লক্ষীপুরে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে অ্যাম্বুলেন্স ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চার প্রতিবন্ধীসহ ৫ জন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার লক্ষীপুরের ১১ মাইল জোড়া ব্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত প্রতিবন্ধীদের তিনজন নারী এবং একজন পুরুষ। এছাড়াও একজনকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেছেন কুষ্টিয়া ফায়ার সার্ভিস কর্মীরা। 

হতাহতদের সবার বাড়ি নড়াইলের লোহাগড়া থানায়। থানার মুন্সি রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, অ্যাম্বুলেন্সটির চালক টিপুর (৪৫) পরিচয় নিশ্চিত হতে পেরেছি। তিনি যশোরের লোহাগাড়া উপজেলার মৃত ফকির উদ্দিন মোল্লার ছেলে।

অন্যদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। তবে জানা গেছে, হতাহতদের মধ্যে তিনজন একই পরিবারের। এদের মধ্যে নিহত মফিজ (৫৫) ও তার স্ত্রী (আনুমানিক ৪২) এবং তাদের ছেলে গুরুতর আহত ইনসান (২৫) রয়েছেন। এছাড়াও নিহত আরেকজনের নাম আলী হোসেন।

পুলিশ জানিয়েছে, প্রতিবন্ধীদের এই দলটি যশোরের লোহাগাড়া থেকে পাবনায় একটি সেমিনারে অংশ নিতে এসেছিল। সেমিনার শেষে ফেরার পথে লক্ষীপুরের আবদালপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।