চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারে এক কয়েদির মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. নাদিম সরকার।
মারা যাওয়া কয়েদি সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহির গ্রামের মো. এনামুল হকের ছেলে আবুল কালাম আজাদ।
চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারের জেলার মো. ইসমাইল হোসেন জানান, আবুল কালাম আজাদ একটি চেক ডিজঅনার মামলায় চার মাসের দণ্ডপ্রাপ্ত হয়ে গত ২৮ অক্টোবর থেকে কারাগারে অন্তরীণ ছিলেন। তিনি শনিবার দিবাগত রাত ২টা ২০ মিনিটের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কারাগার কর্তৃপক্ষ তাকে দ্রুত সদর হাসপাতালে ভর্তি করে। ভর্তির ২০ মিনিট পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আবাসিক মেডিকেল অফিসার ডা. নাদিম সরকার জানান, আজাদ হদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।
ময়নাতদন্ত শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।










