রংপুরের মিঠাপুকুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা মাটিভর্তি ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) ভোর ৬টার দিকে মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জ এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার মোজাফফর রহমান (৩৫) ও গোলাপী বেগম (৪৮)। এছাড়া উলিপুর উপজেলার বাসিন্দা বাসের সহকারী আপেল মাহমুদ (২৫) নিহত হয়েছেন। অপর নিহত ব্যক্তির নাম-পরিচয় এখনো জানা যায়নি।
রংপুরের বড়দরগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম উদ্দিন দুর্ঘটনায় চারজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, বুধবার ফজরের নামাজের পর বৈরাগীগঞ্জের শাহ আমানত পেট্রোল পাম্পের বিপরীত পাশে মাজার মসজিদের সামনে মাটিভর্তি একটি ড্রাম ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকা থেকে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীগামী খান এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাস দ্রুতগতিতে এসে ট্রাকটির পেছনে ধাক্কা দেয়। এতে বাসের এক যাত্রী ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনার পর পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দারা বাসে আটকে পড়া আহত যাত্রীদের উদ্ধার করেন। পরে তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরো তিনজনের মৃত্যু হয়।
বড়দরগা হাইওয়ে থানার ওসি মোয়াজ্জেম উদ্দিন বলেন, সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ড্রাম ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসটির সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে তিনজনসহ মোট চারজন মারা গেছেন। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানান তিনি।










