নরসিংদী শহরের বাসাইলে মেরি স্টোপস ক্লিনিকে ভুল চিকিৎসায় মা ও নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ক্লিনিকের ম্যানেজারসহ দুজনকে আটক করেছে পুলিশ। নিহত সালেহা বেগম শহরের শালিধা এলাকার হান্নান মিয়ার স্ত্রী।
নিহতের স্বজন জানান, শুক্রবার সালেহা বেগমকে আলট্রাসনোগ্রাম করার জন্য স্বজনরা মেরিস্টোপস ক্লিনিকে নিয়ে যান। এ সময় কর্মরত চিকিৎসক হেলেনা হালিম সিজার করার পরামর্শ দেন। সালেহা সিজার করাতে রাজি না হলেও তাকে বাচ্চার অবস্থা ভালো না বলে ভয় দেখিয়ে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। অপারেশন টেবিলেই রোগীর অবস্থা বেগতিক দেখে রোগীকে ঢাকায় রেফার করা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছলে মা ও নবজাতককে মৃত ঘোষণা করেন কর্মরত চিকিৎসক। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে নিহতের স্বজন ও এলাকাবাসী হাসপাতালে ভাংচুর চালায়।
নরসিংদীর সিভিল সার্জন ডা. মো. নুরুল
ইসলাম
বলেন, ঘটনার খবর পেয়ে মোবাইল কোর্ট ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় ক্লিনিকের ম্যানেজারসহ দুজনকে আটক করা হয়েছে। দ্রুত তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।










