নারীর ক্ষমতায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নানামুখী উদ্যোগ গ্রহণ করায় দেশে নারীশক্তি ক্রমান্বয়ে বিকশিত হচ্ছে বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।
গতকাল ব্রাহ্মণবাড়িয়ায় সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সংগীতাঙ্গনে আইসিটি ডিভিশন কর্তৃক বাস্তবায়নাধীন ‘হার পাওয়ার’ প্রকল্পের আওতায় ব্রাহ্মণবাড়িয়া সদর ও নবীনগর উপজেলার ১৬০ নারী উদ্যোক্তার প্রশিক্ষণ শেষে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
গণপূর্তমন্ত্রী বলেন, ‘সনাতন ধর্মীয় মতে নারী হচ্ছে আদ্যশক্তি। ইসলাম ধর্মীয় মতেও সমাজে নারীর গুরুত্ব পুরুষের চেয়ে কম নয়। যেকোনো জাতির উন্নয়ন ও অগ্রগতির জন্য নারী-পুরুষ উভয়ের ভূমিকা অনস্বীকার্য। কিন্তু বিভিন্ন কারণে এ দেশে নারীর ক্ষমতায়ন এবং নারীশক্তির পূর্ণ বিকাশ ও উন্মোচন এখনো হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে নারীর অপরিমেয় শক্তির বিকাশ মাত্র শুরু হয়েছে। দেশের অর্থনৈতিক উন্নয়ন ও অগ্রগতিতে তাদের ভূমিকা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে।’










