ঘন কুয়াশার কারণে টানা ১১ ঘণ্টা বন্ধ
থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। আজ বৃহস্পতিবার (৪ জানুয়ারি)
সকাল সাড়ে ৮টার দিকে নদীতে কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় চলাচল শুরু হয়।
এর আগে বুধবার রাত সাড়ে ৯টা থেকে এ
রুটে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় নৌ-দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি
কর্তৃপক্ষ। এ সময় মাঝ নদীতে যাত্রী ও যানবাহন নিয়ে আটকা পড়ে দুটি ফেরি। যদিও এর প্রথমে
বলা হয়, তিনটি ফেরি আটকে পড়েছে।
এছাড়া পাটুরিয়ায় পাঁচটি ও দৌলতদিয়া
ঘাটে সাতটি ফেরি আটকে রাখা হয়। এতে দুর্ভোগে পড়েন নদী পারাপারের যাত্রীরা।
এ বিষয়ে বিআইডব্লিউটিসি আরিচা সেক্টরের
ম্যানেজার মহিউদ্দিন রাসেল জানান, বুধবার সন্ধ্যার পর থেকে কুয়াশার প্রকোপ বাড়তে থাকে।
রাত সাড়ে ৯টায় ঘন কুয়াশায় পুরো নৌপথ ঢেকে যায়। এতে নৌ-দুর্ঘট্না এড়াতে ফেরি চলাচল
বন্ধ করে দেয়া হয়। মাঝ পদ্মায় আটকে পড়ে কেরামত আলী ও শাহ পরান নামে দুটি ফেরি। এছাড়া
আরো ১২টি ফেরি উভয় ঘাটে আটকে রাখা হয়।
ফেরি বন্ধ থাকায় পাটুরিয়া ও দৌলতদিয়া
পাড়ে আটকে পড়ে যাত্রীবাহী বাস, প্রাইভেট কার ও তিন শতাধিক পণ্যবাহী ট্রাক।










