সিলেট-তামাবিল মহাসড়কে পর্যটকবাহী পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুজন নিহত ও সাতজন আহত হয়েছেন। আজ মঙ্গলবার (২৪ অক্টোবর) সকাল নয়টা ৩৫ মিনিটের দিকে বৈঠাখাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নাম-পরিচয় শনাক্ত হওয়া হতাহতদের সবাই ঢাকা থেকে যাওয়া পর্যটক। নিহত হলেন ঢাকার কেরানীগঞ্জ থানার ইটাপাড়া দক্ষিণ কানারচর গ্রামের জাহাঙ্গীর (৩০) ও মোহাইমীন (২৮)।

আহত হয়েছেন কেরানীগঞ্জের মো. শাহ আলমের ছেলে মো. রিপন (২২), ঢাকা কদমতলীর রুবেল আলম (২৮), লংঙ্কারচরের আলাউদ্দিনের ছেলে মো. জাহাঙ্গীর আলম (২৫), ইটামারা কদমতলীর বাবুলের ছেলে মিন্টু (২৫) ও নজরুল ইসলামের ছেলে মো. হোসেন (২৬)। আহত অন্য দুজনের নাম জানা যায়নি। ৷

আহতদের একজন জাহাঙ্গীর জানান, তারা শাহজালাল ও শাহপরান মাজার জিয়ারত করতে পিকআপ নিয়ে সিলেট আসেন। ৷জিয়ারত শেষে জাফলংয়ে বেড়ানোর উদ্দেশ্যে রওয়ানা হলে পথে সিলেট-তামাবিল মহাসড়কের বৈঠাখালে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়েন।

এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম জানান, একজন পিকআপের ভেতরে আটকা পড়েছিলেন। ফায়ার সার্ভিস কর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। এছাড়া আহতদের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।