পাবনার চাটমোহরে সাধারণ মানুষের মাঝে করোনা টিকা নেয়ায় আগ্রহ বাড়ছে। ফলে অন্যান্য উপজেলা থেকে উদ্বৃত্ত টিকা এনে এ উপজেলায় সরবরাহ করতে হচ্ছে। উপজেলায় ৯ হাজার ৬০০ ডোজ টিকা এলেও এ পর্যন্ত রেজিস্ট্রেশন করেছে ১৯ হাজার ৯৩ জন। এর মধ্যে ১৩ হাজার ৬৭৭ জনকে টিকা দেয়া হয়েছে। বাকিদের টিকা দেয়ার জন্য সংশ্লিষ্ট বিভাগে চাহিদাপত্র পাঠানো হয়েছে।
চাটমোহর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ওমর ফারুক বুলবুল জানান, পাবনায় করোনার টিকা আসার পর চাটমোহর উপজেলায় ৯ হাজার ৬০০ ডোজ টিকা দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। কিন্তু ডোজের তুলনায় চাহিদা ও রেজিস্ট্রেশন বেড়ে যায়। ব্যাপক চাহিদা তৈরি হওয়ায় অতিরিক্ত টিকা চাটমোহর স্বাস্থ্য কম্প্লেক্সে সরবরাহ করার জন্য চাহিদাপত্র দেয়া হয়। এর পরিপ্রেক্ষিতে টিকা প্রদান কমিটির সদস্য সচিব ও পাবনার সিভিল সার্জন ডা. আবুল মোমেন অন্যান্য উপজেলা থেকে উদ্বৃত্ত ৫ হাজার ৫০০ ডোজ টিকা চাটমোহরে সরবরাহ করেন। তবে বর্তমানেও অনলাইনে রেজিস্ট্রেশন অব্যাহত রয়েছে। ফলে টিকার চাহিদা বাড়ছে।
চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈকত ইসলাম ও উপজেলা চেয়ারম্যান আব্দুল হামিদ জানান, জেলার নয়টি উপজেলায় টিকা দেয়া হচ্ছে। এর মধ্যে চাটমোহরে চাহিদা বাড়ায় বরাদ্দের অতিরিক্ত টিকা সরবরাহ করতে হয়েছে।










