নেত্রকোনায় ট্রাকের চাপায় শিরিন আক্তার (৩৫) নিহত হয়েছেন। আজ সোমবার সকালে জেলা শহরের পুরাতন কোর্ট রোডে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত শিরিন আক্তার জেলা শহরের কুড়পার এলাকার অ্যাডভোকেট সিদ্দিকুর রহমানের স্ত্রী। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শিরিন সকাল ১১টার দিকে রিকশায় করে বড় বাজারের দিকে যাচ্ছিলেন।  পুরাতন কোর্ট রোডের নেত্রকোনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে রিকশা থেকে পড়ে যান। এ সময় দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে করে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তাজুল ইসলাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে এবং ট্রাকটিকে আটক করেছে। তবে চালক পালিয়ে গেছেন।