পঞ্চগড়ে তেঁতুলিয়া উপজেলায় অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে কাজ করতে এসে বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) কাছে আটক হয়েছে সতীশ রায় নামে এক ভারতীয় নাগরিক। ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মনিরুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে ভারতীয় নাগরিক আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক ভারতীয় নাগরিক সতীশ রায় ভারতের জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি থানার দক্ষিণ ডাঙ্গাপাড়া এলাকার দেবিন রায়ের ছেলে।
বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, ১৫ থেকে ২০ দিন আগে সতীশ রায় অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে তেঁতুলিয়া উপজেলায় মাঝিপাড়া এলাকায় দিনমজুরের কাজ করছিলেন। এর আগেও একইভাবে তিনি বাংলাদেশে অনুপ্রবেশ করে দিনমজুরের কাজ করেছেন। এদিকে শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি অভিযান চালিয়ে মাঝিপাড়া টয়াগজ এলাকায় রমজান আলীর বাড়ি থেকে তাকে আটক করে। তেঁতুলিয়া মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।










