চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্রতিষ্ঠিত করোনা পরীক্ষার পিসিআর ল্যাবে স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া কিটগুলোতে ত্রুটি থাকায় নমুনা পরীক্ষা শুরু করতে পারেনি কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার বিকালে কিটগুলো ফেরত পাঠানো হয়েছে। এখন ত্রুটিমুক্ত কিটের জন্য অপেক্ষা করছে কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে, গতকাল বুধবার হাটহাজারী ও রাউজান থেকে পাঠানো নমুনা পরীক্ষা শুরু করা হয়। দুশ নমুনার প্রায় সবগুলো পজেটিভ আসে। তখন সংশ্লিষ্টদের সন্দেহ হয়। পরে কিটে ত্রুটি থাকার প্রমাণ পান বিশেষজ্ঞরা। তারা স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এসব কিট দিয়ে পরীক্ষা না করে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেন। পাশাপাশি স্বাস্থ্য অধিদপ্তরকে এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদনও পাঠানো হয়েছে।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এসএম মনিরুল হাসান বলেন, স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো কিটগুলোতে ত্রুটি পাওয়া গেছে। আমরা সেগুলো ফেরত পাঠাচ্ছি। পরবর্তীতে স্বাস্থ্য অধিদপ্তর থেকে আবার কিট পাঠালে পরীক্ষা শুরু হবে।
উল্লেখ্য, গত সোমবার বিশ্ববিদ্যালয়ের জীব বিজ্ঞান অনুষদের কনফারেন্স রুমে ভিডিও কনফারেন্সে এই ল্যাব উদ্বোধন করেছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।










