রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আজ। বিশ্ববিদ্যালয়ের তিনটি ইউনিটে ৪ হাজার ৩২৩টি আসনের বিপরীতে পরীক্ষার্থী রয়েছেন ২ লাখ ৩৭ হাজার ৪১৫ জন। এদিন বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ‘বি’ ইউনিটের (বাণিজ্য) পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে এ বছরের ভর্তি কার্যক্রম। পাঁচটি আঞ্চলিক কেন্দ্রে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নেবেন ৪২ হাজার ৪৪৩ জন শিক্ষার্থী। এবার ভর্তি পরীক্ষায় ট্রাফিক ব্যবস্থাপনাসহ থাকছে পাঁচ স্তরের নিরাপত্তা।

গতকাল বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান রাবি উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব।

লিখিত বক্তব্যে উপাচার্য বলেন, ‘১৯ ও ২৬ এপ্রিল যথাক্রমে “‍এ” ও “‍সি” ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের কথা বিবেচনা করে প্রথমবারের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রংপুরে আঞ্চলিক কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে।’

এবার তিনটি ইউনিটে আবেদন জমা পড়ে ২ লাখ ৩৭ হাজার ৪১৫টি। এর মধ্যে ‘এ’ ইউনিটে ৯৬ হাজার ১৬২টি, ‘বি’ ইউনিটে ৪২ হাজার ৪৩৩টি ও ‘সি’ ইউনিটে জমা পড়ে ৯৮ হাজার ৮২০টি আবেদন। ‘এ’ ইউনিটে কলা, আইন, সামাজিক বিজ্ঞান ও চারুকলা অনুষদভুক্ত ২৭টি বিভাগসহ শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট অন্তর্ভুক্ত রয়েছে। ‘বি’ ইউনিটে বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ছয়টি বিভাগ ও ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট এবং ‘সি’ ইউনিটে বিজ্ঞান, কৃষি, প্রকৌশল, জীববিজ্ঞান ও ভূ-বিজ্ঞান অনুষদভুক্ত ২৬টি বিভাগ অন্তর্ভুক্ত। রাবি ছাড়াও ঢাবি, জবি, চবি, খুবি ও বেরোবিসহ রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ও দ্য মিলেনিয়াম স্টারস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

উপাচার্য বলেন, ‘তিন ইউনিট মিলে রাবি কেন্দ্রে ৭২ হাজার ৩৫ জন, ঢাবি কেন্দ্রে ৮২ হাজার ৭৪১, জবি কেন্দ্রে ১০ হাজার, বেরোবিসহ সন্নিহিত অন্য দুটো ভেন্যুতে ৩৫ হাজার ৬৩০, খুবি কেন্দ্রে ২৩ হাজার ১৮ ও চবি কেন্দ্রে ১৩ হাজার ৯৯১ জন পরীক্ষা দিতে যাচ্ছে। এক ঘণ্টাব্যাপী ভর্তি পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে গ্রহণ করা হবে। পরীক্ষা চলাকালে কোনো পরীক্ষার্থী কক্ষের বাইরে যেতে পারবে না। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের কক্ষে প্রবেশ করতে হবে।’