নেত্রকোনার দুর্গাপুরে অটোরিকশা মেরামতের দোকানে বিস্ফোরণে সবুজ মিয়া (৩৫) নামক এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল রোববার দিবাগত মধ্যরাতে পৌর এলাকার শিবগঞ্জে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।

নিহত সবুজ মিয়া দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের চলিতাপাড়া গ্রামের মৃত ইয়াদ আলীর ছেলে। তিনি অটোরিকশার মেকানিক হিসেবে কাজ করতেন।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ নুর এ আলম জানান, রবিবার রাত ১২টার দিকে দুর্গাপুর উপজেলার শিবগঞ্জ বাজারের মজিদ মার্কেটে কাঞ্চন মিয়ার অটোরিক্সার মেরামত ও ভাঙারির দোকানে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে দোকানের একাংশের দেয়াল এবং সার্টার উড়ে যায়। ভয়াবহ বিস্ফোরণে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণে দোকানে থাকা মেকানিক সবুজ মিয়ার হাত পা বিচ্ছিন্ন হয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এছাড়া ঘটনার সময় দোকানের কিছুটা দূরে থাকা তিনজন আহত হয়েছেন। গুরুতর আহত নাহিদ হোসেনকে (২৩) মুমুর্ষ অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্য দুজনকে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ওসি আরো জানান, কী কারণে এই ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।