বরিশালে চার বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার ঘটনায় অভিযুক্তকে গণধোলাই দিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে। নিহত সুজন বরিশাল নগরীর ধান গবেষণা রোড এলাকার জিয়া নগরের স্টাফ নার্স হাসিনার বাড়িতে ভাড়া থাকতেন।
কোতোয়ালী মডেল থানা পুলিশ সূত্রে জানা যায়, ১৪ই মার্চ দুপুরে ওই এলাকার জামাল হোসেনের চার বছরের কন্যা প্রতিবেশীর বাড়িতে রান্নার কড়াই দিতে যায়। তখন সুজন তাকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে। এ ঘটনায় জামাল হোসেনের স্ত্রী শিলা বেগম বাদী হয়ে শনিবার (১৫ মার্চ) বরিশাল কোতোয়ালি মডেল থানায় এজাহার দায়ের করেন।
শনিবার দুপুরে বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত সুজনকে পেয়ে ধরে নিয়ে গাছের সঙ্গে বেঁধে গণপিটুনি দেয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে আহত অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রাত ৮টায় কর্তব্যরত চিকিৎসক সুজনকে মৃত ঘোষণা করেন।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, নিহতের পরিবার থেকে অভিযোগ দিলে হত্যা মামলা হবে। নতুবা মরদেহের ময়নাতদন্ত শেষে অপমৃত্যু মামলা করবে পুলিশ।










