সব সিটি করপোরেশনসহ স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর হালনাগাদ তথ্য পাঠাতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (১০ মার্চ) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন সই করা চিঠি থেকে এসব তথ্য জানানো হয়। এরইমধ্যে সব আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তাদের এ চিঠি পাঠানো হয়েছে।
এতে বলা হয়েছে, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর তথ্য হালনাগাদের লক্ষ্যে অঞ্চলভিত্তিক সিটি করপোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের তথ্যাদি (সংযুক্ত ছক অনুযায়ী) প্রস্তুত করা প্রয়োজন।
উল্লেখিত স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর তথ্য আগামী ১৫ মার্চের মধ্যে জরুরি ভিত্তিতে (হার্ড কপি ও সফট কপি) সিটি করপোরেশন ও পৌরসভার তথ্য নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয়-১ শাখায় আর জেলা পরিষদ ও উপজেলা পরিষদের তথ্য নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয়-২ শাখায় এবং ইউনিয়ন পরিষদের তথ্য নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয়-৩ শাখায় প্রেরণের জন্য অনুরোধ করা হলো।
এতে আরো বলা হয়েছে, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা সিনিয়র জেলা, জেলা নির্বাচন কর্মকর্তা থেকে প্রাপ্ত তথ্যগুলো অঞ্চলভিত্তিক একীভূত করে নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠাবেন।










