নটর ডেম কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ক্লাব নটরডেমিয়ান্স বাংলাদেশ লিমিটেডের সদস্যদের ভোটে ২০২৬-২৭ দুই বছরের জন্য কার্যকরী পরিষদ নির্বাচিত করা হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) বনানীতে ক্লাবের ফাদার পিসাতো ব্যানকুইট হলে ক্লাবের ৪র্থ থেকে ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়। নির্বাচনে ১৯৬৫ ব্যাচের অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার ৪৮৫ ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১৯৯১ ব্যাচের মোহাম্মদ জহিরুল ইসলাম কচি পেয়েছেন ১৪৫ ভোট।
১০ সদস্যের কার্যকরী পরিষদের সদস্য নির্বাচনে ৬০৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ১৯৯৩ ব্যাচের খালেদ ফয়সাল রহমান জিতু। পরিষদে নির্বাচিত অন্য সদস্যরা হলেন ১৯৯৮ ব্যাচের আবু সালেহ মোহাম্মদ সায়েম (৫৯৪ ভোট), ১৯৯০ ব্যাচের শেখ আমিনুর রহমান চঞ্চল (৫৬৯ ভোট), ১৯৮৫ ব্যাচের শেখ মুনিরুল আলম টিপু (৫৫৫ ভোট), ১৯৯৯ ব্যাচের মো. নজরুল ইসলাম মল্লিক (৫৪৩ ভোট), ১৯৯৬ ব্যাচের আদনান নাফিস (৫২২ ভোট), ১৯৯২ ব্যাচের সাইফুল ইসলাম (৫০৭ ভোট), ১৯৯১ ব্যাচের আরিফুল ইসলাম চৌধুরী (৪৯৮ ভোট), ২০০০ ব্যাচের ডা. যোবায়ের হোসেন (৪৬০ ভোট) এবং ১৯৯৪ ব্যাচের কাজী মোহাম্মদ মাহবুবুল হক (৪২৯ ভোট)।
নির্বাচনে ৮৬৭ ভোটারের মধ্যে ৬৫০ জন (প্রায় ৭৫ শতাংশ) ভোট দিয়েছেন। এ ভোটের মধ্যে প্রেসিডেন্ট ব্যালটে ২০টি এবং কার্যকরী পরিষদ সদস্য ব্যালটে ১৫টি ভোট বাতিল ঘোষণা করা হয়।
ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য মো. আতিকুল আযমের নেতৃত্বে ৭ সদস্যের নির্বাচন কমিশন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচন কার্যক্রম পরিচালনা করেন।










