রাজধানীর ঢাকার বাতাসের মানের বেশ উন্নতি হয়েছে। আজ শনিবার (২৬ এপ্রিল) সকাল ৯টার দিকে বায়ুদূষণে বিশ্বের ১২৪ শহরের মধ্যে ১৭ নম্বরে ছিল ঢাকা।

বাতাসের মান সূচকে (এয়ার কোয়ালিটি ইনডেক্স-একিউআই) এ সময় ঢাকার স্কোর ছিল ৯১। বাতাসের এ মানকে ‘মাঝারি বা সহনীয়’ ধরা হয়।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। তাদের সূচক বলছে, এদিন সকালে দূষিত বায়ুর শহরগুলোর তালিকায় শীর্ষে রয়েছে ভারতের দিল্লি। এ শহরের বাতাসের মান ৩৬৪, যা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত।

১৮৪ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, ১৭৬ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে নেপালের কাঠমান্ডু, চতুর্থ অবস্থানে আরব আমিরাতের দুবাই (১৭২), তালিকায় পঞ্চম ও ষষ্ঠ স্থানে আছে ইরাকের বাগদাদ (১৬৫) ও থাইল্যান্ডের চিয়ানমাই (১৫৩)।

আইকিউ এয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।