পঞ্চগড় শহরে একটি কুরিয়ার সার্ভিসে অভিযান চালিয়ে ২১২ বস্তা চা জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার রাতে জেলা শহরের ফায়ার সার্ভিস স্টেশন সড়কের সদাগর এক্সপ্রেস কুরিয়ার অ্যান্ড পার্সেল সার্ভিস অফিসে অভিযান চালিয়ে এসব চা জব্দ করা হয়েছে। অভিযান পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুল হক। এ সময় প্রতিষ্ঠানের গুদাম সাময়িকভাবে সিলগালা করে দেন তিনি।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, পঞ্চগড় থেকে অবৈধভাবে দেশের বিভিন্ন জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চা পাঠানো হচ্ছে— এমন খবরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল হক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় একটি পিকআপসহ সদাগর এক্সপ্রেস কুরিয়ার সার্ভিসের একটি গুদামে রাখা ২১২ বস্তা চা জব্দ করা হয়েছে। চা পাঠানোর বৈধ কাগজপত্র দেখাতে না পারায় কুরিয়ার প্রতিষ্ঠানের একটি গুদামঘর সাময়িক সিলগালা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে পঞ্চগড় চা বোর্ডের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শামীম আল মামুন, পঞ্চগড় কাস্টমসের সুপারিনটেনডেন্ট আবু সরোয়ারসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়েছে। এ সময় ৫০ কেজি ওজনের ২১২ বস্তা চাসহ একটি পিকআপ জব্দ করা হয়েছে। চা বিক্রি বা পরিবহনের যথাযথ কাগজপত্র দেখাতে না পারায় জব্দকৃত চা কাস্টমসের কাছে হস্তান্তর করে গুদাম ঘরটি সাময়িক সিলগালা করা হয়েছে।