ড. সালেহউদ্দীন আহমেদের মৃত্যুতে শোক জানিয়েছে ব্র্যাক। বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ১১টায় যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি স্ত্রী, দুই কন্যা এবং অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন। আজ বৃহস্পতিবার নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে শোক জানায় সংস্থাটি।

এতে বলা হয়, উন্নয়ন চিন্তা, দারিদ্র্য বিমোচন এবং শিক্ষার প্রসারে তার দীর্ঘ কর্মজীবন বাংলাদেশের উন্নয়ন পরিমণ্ডলে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।

ব্র্যাক জানিয়েছে, ১৯৭৮ সালে ইউক্রেন থেকে পিএইচডি সম্পন্ন করে দেশে ফিরে তিনি পরিকল্পনা কমিশনে গবেষণা কর্মকর্তা হিসেবে কাজ শুরু করেন। ১৯৭৯ সালের ৪ এপ্রিল নির্বাহী সহকারী হিসেবে ব্র্যাকে যোগ দিয়ে ২০০৪ সাল পর্যন্ত সংস্থাটির কর্মযাত্রায় যুক্ত ছিলেন। পরবর্তীতে ২০০৫ থেকে ২০০৯ সাল পর্যন্ত ব্র্যাক ইউনিভার্সিটির উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন এবং ব্র্যাকের জেনারেল বডির সদস্য হিসেবেও অবদান রাখেন। প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের সঙ্গে তার দীর্ঘ ও ঘনিষ্ঠ কর্মসম্পর্ক ব্র্যাকের পথচলাকে সমৃদ্ধ করেছে।

এ কঠিন সময়ে ড. সালেহউদ্দীন আহমেদের পরিবার, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে সংস্থাটি।