নরসিংদীর মাধবদীতে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে প্রতিবেশীদের হামলায় মনির হোসেন (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল সকালে উপজেলার নোয়াপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। নিহত মনির হোসেন একই এলাকার সিরাজ মোল্লার ছেলে।
পরিবারের সদস্যদের অভিযোগের ভিত্তিতে জানা যায়, বাড়ির সীমানায় একটি পিলার স্থাপনের পর যাতায়াতে সমস্যা হচ্ছিল। এ নিয়ে প্রতিবেশী সামসুল হকের সঙ্গে বিরোধ চলছিল মনিরের। এর জের ধরে গতকাল সকালে সামসুল হকের ছেলে সেলিম মিয়ার সঙ্গে তর্কবিতর্ক হয় মনিরের। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন তাকে কিলঘুসি মারতে থাকেন। এতে মনির অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে পরিবারের লোকজন উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকীবুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনি পদক্ষেপ নেয়া হবে।
ইজিবাইকের ধাক্কায় শিশু নিহত: নরসিংদীর সদর উপজেলায় ইজিবাইকের ধাক্কায় তাফসির হোসেন (৪) নামে এক শিশু নিহত হয়েছে। গতকাল সকালে উপজেলার পাঁচদোনা ইউনিয়নের নেহাব কালিয়াদি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তাফসির হোসেন নেহাব কালিয়াদি এলাকার মনজুর হোসেনের ছেলে।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানায়, সকালে বাড়ি থেকে বের হয়ে সড়ক পার হওয়ার সময় ইজিবাইটি তাফসিরকে চাপা দেয়। এ সময় পরিবারের লোকজন আহতাবস্থায় তাফসিরকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাশেম ভূঞা বলেন, ঘটনা শুনেছি।










