ময়মনসিংহের ত্রিশালে সড়ক দুর্ঘটনায় স্বামী ও ছয়বছরের সন্তানসহ এক অন্তঃসত্ত্বার মৃত্যু হয়েছে। তবে দুর্ঘটনায় আঘাতের কারণে গর্ভ থেকে বের হয়ে আসে শিশুটি। নবজাতক কন্যাশিশুটি সুস্থ রয়েছে।
আজ শনিবার বিকাল সাড়ে তিনটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন ত্রিশাল উপজেলার রায়মনি গ্রামের ফকির বাড়ির মোস্তাফিজুর রহমান বাবলুর ছেলে জাহাঙ্গীর আলম (৪১), তার স্ত্রী রত্না বেগম (৩০) ও মেয়ে সানজিদা (৬)।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, অন্তঃসত্ত্বা রত্না বেগম নিয়মিত চেকআপ করানোর জন্য দুপরে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। সেখান থেকে চিকিৎসক তাকে একটি আলট্রাসনোগ্রাফি করতে দিলে তিনি একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করানোর পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগামী একটি ট্রাক তাদেরকে চাপা দিলে ঘটনাস্থলেই জাহাঙ্গীর ও সানজিদার মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্ঘটনায় গুরুতর আহত রত্না বেগম যখন যন্ত্রণায় ছটফট করছিলেন তখন তার গর্ভ থেকে সন্তানটি বেরিয়ে আসে। এরপরই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। শিশুটি এখনো সুস্থ রয়েছে।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে টহল পুলিশের কর্তব্যরত কর্মকর্তা ও ত্রিশাল থানার উপ পরিদর্শক (এসআই) তানভীর আলম জানান, ট্রাকটিকে আটক করা হলেও এর চালক পলাতক রয়েছে।










