দিনাজপুর গোর এ শহীদ বড় ময়দানে এশিয়ার সর্ববৃহৎ ঈদগাহ ময়দানে একসঙ্গে ছয় লাখ মুসল্লি নামাজ আদায় করতে পারেন। সে লক্ষ্য নিয়েই এবারের ঈদুল ফিতরের জন্য সব ধরনের প্রস্তুতি নেয়া হচ্ছে। দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে গতকাল বেলা সাড়ে ১১টায় জেলা ও পুলিশ প্রশাসন এবং কেন্দ্রীয় ঈদগাহ ব্যবস্থাপনা কমিটির সভায় এ তথ্য জানানো হয়।
জেলা প্রশাসক শাকিল আহমেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম। পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ ছাড়াও জেলা ও পুলিশ প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তা, দিনাজপুর পৌরসভা, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সদস্য, ইসলামী ফাউন্ডেশন, জেলা ইমাম সমিতির নেতারাসহ জেলার বিশিষ্ট নাগরিকরা সভায় উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক শাকিল আহমেদ জানান, বিশাল এ জামাতে দিনাজপুর ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা মুসল্লিরা যাতে নামাজে শরিক হতে পারেন এজন্য সব ধরনের প্রস্তুতি নেয়া হচ্ছে। ঈদগাহ মাঠজুড়ে থাকবে কড়া নিরাপত্তা ব্যবস্থা। নামাজ শুরু হবে সকাল ৯টায়।
দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য হুইপ ইকবালুর রহিম জানান, ৫২ গম্বুজবিশিষ্ট নান্দনিক সৌন্দর্যমণ্ডিত গোরে শহীদ বড় ময়দানে কেন্দ্রীয় ঈদগাহ মিনারের ঈদুল ফিতরের বিশাল জামাতে ছয় লাখেরও অধিক মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন।
পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ জানান, পুরো ঈদগাহ ময়দানজুড়ে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থায় পুলিশ, বিজিবি, র্যাব, আনসার ও স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করবেন। সকাল ৭টা থেকে ময়দানের চারদিকে মোট ১৯টি প্রবেশপথে মুসল্লিরা মাঠে প্রবেশ করবেন। প্রতিটি প্রবেশপথে থাকবে মেটাল ডিটেক্টর। মুসল্লিরা শুধু জায়নামাজ ও ছাতা নিয়ে প্রবেশ করতে পারবেন। ঈদগাহ ময়দানে থাকবে একাধিক পর্যবেক্ষণ টাওয়ার। ৩০টি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নামাজের পুরো আয়োজন মনিটর করা হবে। মাইক বসানো হবে ১১০টি। এছাড়া নামাজের ইমামকে সহযোগিতা কারার জন্য বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসা থেকে পাঁচ শতাধিক মুক্কাবির নিয়োজিত থাকবেন। থাকবে স্বাস্থ্য ক্যাম্প, ওজু করতে যেন অসুবিধা না হয় সেজন্য ২৫০টি ওজুখানা এবং খাবার পানির ব্যবস্থা রাখা হবে ঈদগাহ মাঠে। ইমামতি করবেন মাওলানা শামশুল হক কাশেমী।
সভায় আরো বক্তব্য দেন দিনাজপুর জেলার সিভিল সার্জন ডা. বোরহান উল ইসলাম সিদ্দিকি, দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মমিনুল করিম, দিনাজপুর ইমাম সমিতির সভাপতি আলহাজ্ব মতিউর রহমান কাশেমী, সাধারণ সম্পাদক রফিকুল্লাহ মাজহারি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা, জেলা পরিষদের প্রধান নির্বাহী মো. জয়নুল আবেদীন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইমদাদ সরকার, সদর উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলম, পৌরসভার প্যানেল মেয়র আবু তৈয়ব আলী দুলাল, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. মোস্তাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মোকাদ্দেস হোসেন বাবলু, দিনাজপুর প্রেস ক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শামীম আলম সরকার বাবু, সাধারণ সম্পাদক এনাম উল্ল্যাহ জ্যামি প্রমুখ।










